ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের বিভিন্ন অংশে রাস্তা ভেঙে ও মাটি ধসে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সড়কের পাশের অংশ ধসে পড়ে গভীর ভাঙনের সৃষ্টি হয়ে রাস্তা বিচ্ছিন্ন হয়। এতে গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
মিতিঙ্গ্যা ছড়ি পাড়ার কার্বারী পূণ্য চন্দ্র ত্রিপুরা জানান, অতিবৃষ্টির ফলে ভোরে কোনো এক সময় পাহাড় ধসের কারণে রাস্তা ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট ২৬ ইসিবির সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করেন। পাহাড় ধস ও ভাঙনের কারণে সড়কটি আপাতত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে সকালে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উদয়চর এলাকায় পাহাড় ধস ও রাস্তা ভাঙনের কারণে ফারুয়া-বিলাইছড়ি-সাইসল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা দ্রুত সড়ক থেকে ধসে পড়া মাটি অপসারণ, রাস্তা সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট সেনা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ও ২৬ ইসিবির সার্বিক তত্ত্বাবধানে সীমান্ত সড়কের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে পাহাড় ধস ও রাস্তা ভাঙনের ফলে বিলাইছড়ি, ফারুয়া ও সাইসলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
