ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ মহাসচিব

fec-image

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের জন্য একটি “বিপজ্জনক নজির” বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।

বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান এবং মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের জেরে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে।”

জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদসূত্রে জানা গেছে, আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে পরিষদ। সেই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক দুই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা যেকোনো পদক্ষেপের কেন্দ্রে থাকতে হবে।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, জাতিসংঘ সনদ কোনো ঐচ্ছিক দলিল নয়। তিনি স্মরণ করিয়ে দেন, সনদের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্রই অন্য দেশের ভূখণ্ড বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত মিশন সতর্ক করে জানিয়েছে, জরুরি অবস্থা এবং যুক্তরাষ্ট্রের “ভেনেজুয়েলা পরিচালনার” ঘোষণার ফলে দেশটিতে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

সূত্র : ইউএন নিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, জাতিসংঘ, ভেনেজুয়েলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন