মহালছড়ি প্রতিনিধি:
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার নিম্ন কেংগাল ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এর হত্যাকারী যেই হোক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি নানিয়ারচর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি নানিয়ারচড় উপজেলা শাখার পক্ষ থেকে সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতি এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলাধীন নিম্ন কেংগাল ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা দীর্ঘদিন নিষ্ঠা, ন্যায়পরায়নতা, সততা ও দক্ষতার সহিত শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন। এমনকি অনেক ছাত্র-ছাত্রীকে জ্ঞান দান করে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। অথচ তাকে গত ১১ মার্চ বুধবার গভীর রাতে তার নিজ গ্রাম কেয়াংঘাটের নিজ বাড়িতে কে বা কারা ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে। এভাবে একজন সৎ ও অভিজ্ঞ শিক্ষক হত্যাকাণ্ডের জন্য আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমরা হত্যাকারীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় ১১ মার্চ বুবধার গভীর রাতে নানিয়ারচর উপজেলাধীন নিম্ন কেংগাল ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজ বাড়িতে খুন হন এবং নিহতের স্ত্রী বিরলতা চাকমা আহত হন।