উপজেলা প্রতিনিধি, মহালছড়ি :
খাগড়াছড়ি’র মহালছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলিতে নৈশ প্রহরী কাম দপ্তরী পরীক্ষা চলছে। আজ শুক্রবার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আ.ন.ম মাছুম হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়া বিদ্যালয় গুলো হচ্ছে, সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খিঅংসা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, থলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি মূখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরাণজয় মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তবলছড়ি ক্যায়াংঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, উল্টাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেমুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়াইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিন্দুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব এর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো উপজেলায় ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম ধাপে ১১টি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ অর্থ বছরে দ্বিতীয় ধাপে আরো ১১টি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা গ্রহন করা হবে। অবশিষ্ট ১০টি বিদ্যালয়ে আগামী অর্থ বছরে নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় উর্ত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রেরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ অনুমোদন দিলেই একজন প্রার্থীর নিয়োগ চুড়ান্ত হবে বলেও জানান তিনি।