মহেশখালীতে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলের চারা-সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) মহেশখালী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এসব উপকরণ বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার।
বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার জানান, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৫০ জনকে জনপ্রতি ৫টি নারকেল চারা, ৫টি বাঁশের খুঁটি ও ২৫ কেজি গোবর সার দেওয়া হয়েছে। এছাড়াও ১ হাজার ৫০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
