parbattanews

মহেশখালীতে মানববন্ধন

গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকি এবং মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে মহেশখালী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ই জুন সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শান্তি লাল নন্দী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী পৌর শাখার সভাপতি রুপন কান্তি দে, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে এবং বাংলাদেশ হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুলন কান্তি দে-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Exit mobile version