parbattanews

মহেশখালীর অপহৃত ছাত্রী ১১ দিন পর উদ্ধার, অপহরণকারী আটক

মহেশখালী থেকে অপহৃত জালিয়ারমারঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১১ দিন পর চট্টগ্রামের বাকলিয়া এলাকার কল্পলোক আবাসিক এলাকা থেকে ১৪ মে ভোরবেলায় উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী শাহ জালালকে আটক করেছে পুলিশ প্রশাসন।

অপহরণকারী শাহ জালালের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সিংহপুর গ্রামে। তিনি সোলাইমানের পুত্র।

শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকার আবদুল মান্নান জানান, জেএমঘাট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ুয়া তার এক কন্যাকে গত ২৮ এপ্রিল অপহরণ করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ৮ মে জানা যায়, অপহরণকারী শাহ জালাল তার মেয়েকে অপহরণ করে চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন ২ নম্বর ওয়ার্ডের কল্পলোক আবাসিক এলাকাস্থ জানে আলমের বিল্ডিংয়ের ২য় তলায় অবস্থান করছে।

তা নিশ্চিত হওয়ার পর জিডি মূলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ভবনে অভিযান চালিয়ে ভিকটিম ও অপহরণকারীকে আটক করেন এবং ৯ মে ৫৪ ধারায় চট্টগ্রাম আদালতে সোপর্দ করেন। আদালত বিবেচনাপূর্বক অপহরণকারীকে জেলহাজতে প্রেরণ করেন এবং ভিকটিমকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেন।

ভিকটিমের পিতা আবদুল মান্নান জানান, অপহরণের বিষয়টি মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জকে অবগত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সুলতান জানান, উভয়ের মধ্যে সম্পর্ক থাকায় এ ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, বিষয়টি বাকলিয়া থানার অধীনে হওয়ায় মহেশখালী থানায় মামলা নেওয়ার নিয়ম নেই।

Exit mobile version