মাটিরাঙায় সেনাবাহিনীর পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা, পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের অংশ হিসাবে চিকিৎসা সহায়তা, পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান, বন্যাদুর্গত পরিবারের মাঝে টিন বিতরণ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, সোলার এবং ৭০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার মাটিরাঙ্গা জোনের আওতাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪টি পূজা মণ্ডপে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
প্রায় ৬ শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান
এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার,মাটিরাঙ্গা থানার ওসি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, শান্তি সম্প্রীতি, উন্নয়ন এই তিন মূল মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সকল উৎসব উপভোগ করি। কতিপয় দুষ্কৃতকারী পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপতৎপরতা করছে। যে কোনো মূল্যে পাহাড়ে অস্থিতিশীল অপতৎপরতা রোধে আমরা প্রস্তত রয়েছি।
তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে বাঙালি ও পাহাড়িদের সকলকে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আহ্বান জানান।

















