parbattanews

মাটিরাঙ্গায় দুর্যোগকবলিত মানুষের পাশে বিজিবি

সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গার আওতাধীন এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) সকালে যামিনীপাড়া জোনের আওতাধীন বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের ৭৫০ জন দুর্গতের মাঝে ত্রাণসামগ্রী এবং ৪৫০ জনের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

এসময় জোন কমান্ডার লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

সহায়তা কার্যক্রম শেষে জোন কমান্ডার বলেন, “বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করছে। ভারী বর্ষণের কারণে এই এলাকায় পাহাড়ধস এবং পানিবাহিত রোগ মহামারির আকার ধারণ করার শঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় পদস্থ কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকারভোগীরা।

Exit mobile version