উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদরাসার পর্যায়ের অনেক পাঠ্যবই এখনো পৌঁছেনি। ফলে বছরের শুরুতেই পাঠদান শুরু করা নিয়ে সরকারের নির্দেশনা যেমন বাস্তবায়ন হচ্ছেনা, ঠিক তেমনি পাঠদান শুরু করতে না পেরে বিপাকে পড়েছে উপজেলার মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
মাটিরাঙ্গায় মাদরাসা পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো কোন নতুন বই পায়নি। পাশাপাশি মাধ্যমিক স্কুলগুলোর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পায়নি গণিত বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বরাবর বইয়ের চাহিদাপত্র পাঠানো হলেও এখনো বই এসে পৌঁছেনি। কখন বই আসবে তাও নিশ্চিত করতে পারেনি মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্তাব্যাক্তিরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলায়েত হোসেন জানান, বারবার চাহিদা দিয়েও বই না আসায় উপজেলার মাদরাসাগুলোতে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর কোন পাঠ্যবই দেয়া সম্ভব হচ্ছেনা। পাশাপাশি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে সব শ্রেণীর বই দেওয়া হলেও ষষ্ঠ শ্রেণীর গণিত বই দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। বই আসা মাত্রই বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ বলেন, পাঠ্যবই না আসায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তিনি বলেন, বইয়ের অভাবে আমরাও পাঠদান শুরু করতে পারছিনা। তিনি অভিলম্বে পাঠ্যবই সরবরাহে সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের গাফেলতির কারণে সিলেবাস শেষ করা সম্ভব নাও হতে পারে।
মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার তিনটি আলিম মাদরাসা, দুইটি দাখিল মাদারাসা ও তিনটি এবতেদায়ী মাদারাসার শিক্ষার্থীর জন্য চাহিদা পাঠানো হলেও জানুয়ারী মাস শেষ হতে চললেও কোন শিক্ষার্থীর হাতে এখনো নতুন পাঠ্যবই দেয়া সম্ভব হয়নি। এনিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে অভিভাবক মহলে। বই না পেয়ে ঐ সকল শ্রেণীর শিক্ষার্থীরা মাদরাসামুখী হচ্ছেনা বলেও অভিযোগ করেন অভিভাবকমহল।