মাতারবাড়ীতে নির্মিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পে চুরিকৃত লোহার স্ক্র্যাপ ও বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করেছে আনসার সদস্য।
৪ জুলাই (শনিবার) ভোরে প্রকল্পের ‘মগডেইল’ এলাকার পাশে এ ঘটনা ঘটে। নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র প্রকল্পের নিরাপত্তা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা কয়েক দফায় ‘মগডেইল’ এলাকায় ঢুকে সেখানে সংরক্ষিত লোহার স্ক্র্যাপ, বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল সরিয়ে নেয়। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রটি সুযোগ পেলেই প্রকল্প এলাকায় প্রবেশের চেষ্টা করে বলে সংশ্লিষ্টদের ধারণা।
দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আল-ফয়সাল ও মো. সাইফ উদ্দিন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে চোরদের ধাওয়া করেন। চোরদের সংখ্যা বেশি এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা পিছু হটেননি। কয়েক দফা ধাওয়ার পর চোর চক্রের কাছ থেকে লোহার স্ক্র্যাপ ও ক্যাবলগুলি উদ্ধার করেছে ।
পরে উদ্ধার হওয়া মালামাল প্রকল্প কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল আরও জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে বর্তমানে প্রায় ১৮০ জন আনসার সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করছেন। তারা ২৪ ঘণ্টা টহল, প্রবেশপথে নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে আসছেন। সাম্প্রতিক সময়ে চুরির কয়েকটি চেষ্টা আনসার সদস্যদের তৎপরতায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা সংশ্লিষ্টরা বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এখানে ব্যবহৃত যন্ত্রাংশ, ক্যাবল ও ধাতব সামগ্রীর মূল্য অনেক বেশি। তাই এসব চুরি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
স্থানীয়দের মতে, আনসার সদস্যদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে প্রকল্পটি রক্ষা পেয়েছে।
