parbattanews

মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে আটক মো. সাব্বির

খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে পুলিশ ও মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সাব্বিরকে আটক করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, শিশুটির চিকিৎসা চলছে।

Exit mobile version