খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় থামছেই না পাহাড় খেকোদের আগ্রাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত পাহাড় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রাপ্ত তথ্যমতে, গত এক বছরে এই চক্রটি অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে। প্রশাসনের মাঝেমধ্যে তৎপরতা দেখা গেলেও পাহাড় খেকোদের এই ধ্বংসলীলা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না।
সর্বশেষ গত কয়েকদিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল আয়তনের বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেনসহ একদল অসাধু ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার (৫ এপ্রিল) দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।
অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেবেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় জড়িত মূল অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, “ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার স্পষ্ট আলামত পাওয়া গেছে। আমরা দুটি স্কেবেটর জব্দ করেছি। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
