parbattanews

মানিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১টি পিস্তল (এলজি), ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের একটি টহল দল। এছাড়া এই আস্তানা থেকে বেশ কিছু চাঁদা আদায়ের রসিদ এবং ফোন নম্বর নথিভুক্ত করার ৩টি বই উদ্ধার করে করা হয়। অভিযান টের পেয়ে সেনা সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলি চালালে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোরে মানিকছড়ির গচ্ছাবিল এলাকার মাইশ্যার দোকান সংলগ্ন ছড়ায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের একটি ‘বি’ টাইপ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ ঘণ্টাব্যাপী সফল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে সশস্ত্র সন্ত্রাসীদের শনাক্ত করা হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা সেনা টহলের উপর গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় পাল্টা গুলিতে এক সশস্ত্র সন্ত্রাসী আহত হয় এবং আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয় ।

পরবর্তীতে সেনাবাহিনীর অভিযান দলের তল্লাশিতে ১টি দেশীয় পিস্তল (এলজি), ৩ রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উক্ত এলাকা থেকে উদ্ধার করা হয় ।

সেনাবাহিনী জানায়, এই অভিযান পার্বত্য এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version