কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুই হাজার চারশত বস্তা সিমেন্টসহ তিনটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড| এসময় পাচারে জড়িত ৩৩ জনকে আটক করা হয়|
শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত কোস্ট গার্ড শাহপরী আউটপোস্ট ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে এসব পণ্য জব্দ ও পাচারকারীদের আটক করা হয়|
কোস্ট গার্ডের গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রে তিনটি ফিশিং ট্রলারে দুই হাজার চারশত বস্তা সিমেন্ট পাওয়া যায়| এঘটনায় ট্রলারে থাকা ৩৩ জনকে আটক করা হয়| প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা শুল্ক কর ফাঁকি দিয়ে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে মায়ানমারে একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে নিয়ে যাচ্ছিল|
লে. কমান্ডার সাব্বির আলম সুজন আরো জানান, এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে| জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে|
পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড|
