parbattanews

মার্কিন আদালত স্থগিত করল ট্রাম্প প্রশাসনের ১৮০ কোটি ডলারের তহবিল

যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গঠিত প্রায় ১৮০ কোটি ডলারের বিশেষ তহবিল স্থগিত করেছে। এই তহবিলটি ট্রাম্প প্রশাসনের ভাষায় “অস্ত্রায়ন” বা “ওয়েপনাইজেশন”-এর শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি করা হচ্ছিল। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা জজ লিওনি ব্রিঙ্কেমা শুক্রবার (২৯ মে) এই আদেশ দেন। আদালত বলেন, তহবিল সংক্রান্ত বিষয়ে আরও আইনি শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন তহবিল গঠন বা পরিচালনার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এই ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের ঘোষণা দিয়েছিল। এটি ট্রাম্পের ট্যাক্স রেকর্ড ও কর সংক্রান্ত তথ্য ফাঁসের মামলার নিষ্পত্তির অংশ হিসেবে তৈরি করা হচ্ছিল।

প্রায় ১৭৭ কোটি ৬০ লাখ ডলারের এই তহবিল একটি পাঁচ সদস্যের কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা ছিল। যারা নিজেদের ‘ল-ফেয়ার’ ও ‘ওয়েপনাইজেশন’-এর শিকার প্রমাণ করতে পারবে, তারা তহবিল থেকে অর্থ লাভ করতে পারতেন। ট্রাম্প ও তার মিত্ররা নিজেদের বিরুদ্ধে হওয়া তদন্ত ও ফৌজদারি মামলাকে বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করে আসছেন।

তবে তহবিলের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদীরা দাবি করেছেন, ট্রাম্প-ভান্স প্রশাসন তাদের রাজনৈতিক বা আদর্শিক প্রতিপক্ষ হিসেবে লক্ষ্যবস্তু করেছে এবং তারা তহবিল থেকে অর্থ পাওয়ার যোগ্য হবেন না।

এদিকে, তহবিলকে ঘিরে রিপাবলিকান পার্টির মধ্যেও সমালোচনা দেখা দিয়েছে। কিছু আইনপ্রণেতা বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারির মার্কিন ক্যাপিটলে হামলাকারীদের মধ্যে কেউ কেউ করদাতাদের অর্থায়নে তৈরি এই তহবিল থেকে সুবিধা পেতে পারে।

Exit mobile version