মালয়েশিয়ায় পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। স্থানীয় সময় রবিবার ( ২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে।
কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিনীকে জানানো হয় লালগালিচা সংবর্ধনা এবং প্রদান করা হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুইদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়; এই সফরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা এই হোটেলে থাকবেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
