বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বন্য মা হাতি মারা গেছে। হাতির মৃত্যুতে শোক জানাতে ছুটে এসেছে বন্যহাতির একদল।
শনিবার (১৭ মে) রাত বারোটার দিকে সীমান্তবর্তী এক নম্বর ওয়ার্ড চকরিয়া লাম্বা হাকখোলা পূর্ণ গ্রামে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, চিকিৎসা শেষে রাতে মা হাতিটির মৃত্যু হয়। শোক জানাতে গভীর রাতে প্রায় ১০টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। হাতির দলটি কিছু সময় সেখানে অবস্থান করে আবার পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ি বনাঞ্চলে খাদ্যের সংকট দেখা দেওয়ায় প্রায়ই বন্যহাতির দল লোকালয়ে চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে মা হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল। হাতিটির পাশে তার ছোট একটি শাবক ঘোরাফেরা করছিল। মা হাতির কাছে গেলেই শাবকটি আতঙ্কিত হয়ে ডাকাডাকি শুরু করে এবং মায়ের পাশ ছাড়ছিল না। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, “সকাল থেকে হাতিটাকে পড়ে থাকতে দেখি। পাশে ছোট বাচ্চাটাও ছিল। মানুষ কাছে গেলেই শাবকটি চিৎকার করছিল। দৃশ্যটি খুবই হৃদয়বিদারক ছিল।”
পূর্ণ গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, “বন বিভাগকে খবর দেওয়ার পর ঈদগাঁও থেকে বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।”
বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ এনে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাতিটির শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। রাত ১২টার দিকে হাতিটি মারা যায়। মৃত হাতিটির নমুনা সংগ্রহ করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হবে।
