সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে জানানো হয়, লেখালেখি, গবেষণা ও সাংবাদিকতায় আলমগীর কবীরের সুনাম প্রশংসিত। সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংস্কারবাদী দল (বিআরপি) প্রতিহিংসাপরায়ণ হয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে যে বানোয়াট মামলা করেছে তা বিস্ময়কর ও নিন্দাজনক।
সংস্কারবাদী দল একই অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা, কুমিল্লা, খুলনা, পাবনা, ঝিনাইদহের আদালতে ওই সাংবাদিকের বিরুদ্ধে কল্পনাপ্রসূত ও হয়রানিমূলক একাধিক মামলা করেছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও ভীতি প্রদর্শনের শামিল।
বিবৃতিতে বলা হয়, সংস্কারবাদী দলের মহাসচিব তহিদুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ধানমন্ডি, মোহাম্মদপুর থানায় গণহত্যার একাধিক মামলা রয়েছে। লন্ডনে পলাতক এই আসামি হত্যা মামলার নজর এড়াতে মামলাবাজ চক্রকে কাজে লাগিয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে যাচ্ছে।
ঝিনাইদ সাংবাদিক ফোরাম অবিলম্বে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি মামলাবাজ চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। অন্যথায় মামলাবাজ চক্রের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কর্মসূচি দিতে বাধ্য হবে।
