parbattanews

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী ২ যুবক আহত

বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় নুর হোসেন নামে আরো একজন আহত হয়।

শুক্রবার রাত ৯ টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামকস্থানে জিরো লাইনের পাশে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইউপির ৩নং ওয়ার্ডের তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে।

আহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার অর্থাৎ মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।

ধারণা করা হচ্ছে, ওপার থেকে আরাকান আর্মির সদস্যরাই তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন। তিনি জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারে কোন চোরাচালানের সাথে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version