parbattanews

মেঘালয় থেকে আটক ১০ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশীকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (১৭ মে) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হস্তান্তরকৃতরা হলেন—মো: মুক্তার হোসেন (৪৫), মো: শাহজামাল হক (৩১), মো: আনিছুর রহমান (৩৩), মো: কামাল হোসেন (২০), শ্রী সিপেন (৪০), মো: ইব্রাহিম আলী (৪৬), মো: নওশাদ আলী (২২), মো: আকবর আলী (৩১), মো: জহিরুল ইসলাম (৪৬) ও মো: শাকিম উদ্দিন (৩৮)। তারা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।বাংলাদেশ ভ্রমণ

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্প থেকে আটক ১০ বাংলাদেশীকে তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার এসব ব্যক্তি পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। সেখানে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এজাহারে আরো বলা হয়, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় তারা বাংলাদেশ পাসপোর্ট আদেশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যাচাই-বাছাই শেষে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়।

হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version