প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রতি রাঙামাটিতে ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত মেডিকেল কলেজটি বান্দরবানে স্থানান্তরিত করার চক্রান্ত কিছুতেই রাঙামাটিবাসীরা মেনে নিবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, কোন কাল হাতের ইশারায় মেডিকেল কলেজটির স্থানান্তরের চক্রান্ত হলে রাঙামাটি জেলার সমগ্র বাঙালি-উপজাতীয় অধিবাসিরা মিলেমিশে তা প্রতিহত করবে।
বৃহস্পতিবার ঢাকার সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার (এফ.এফ) মনিরুজ্জামান মনির এবং দৈনিক রাঙামাটি পত্রিকার প্রকাশক-মুদ্রাকর বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মোঃ জাহাঙ্গীর কামাল এ হুশিয়ারী প্রদান করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ইতোপূর্বে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হলেও কতিপয় উগ্র, সাম্প্রদায়িক, হামবড়া উপজাতীয় নেতার কারণে তা স্থানান্তরিত হয়ে নোয়াখালী মাইজদিতে চলে গেছে (১৯৯৬ সালে)। বর্তমানে সন্তুু লারমা, উষাতন তালুকদার চাকমাসহ কতিপয় পাহাড়ী ছাত্র পরিষদ নেতার ষড়যন্ত্রে রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন বাধাগ্রস্ত করা যাবে না।
সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ আরো বলেন, ২/৪ জন উপজাতীয় নেতার কারণে সমগ্র রাঙামাটিবাসীকে মেডিকেল কলেজের সেবা দানের ও সেবা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত করা উচিত হবে না। শান্তি চুক্তি বাস্তবায়নের আগেই রাঙামাটিবাসী শহরে এ মেডিকেল কলেজের যাবতীয় তৎপরতা দেখতে আগ্রহী। যতদিন পর্যন্ত জেএসএস বনাম ইউপিডিএফ বন্দুকযুদ্ধ চলবে, ততদিন পর্যন্ত শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নের কোন সুযোগ নেই। রাঙামাটিবাসী তার আগেই মেডিকেল কলেজের সেবা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।