parbattanews

মোটরসাইকেল ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল এক বন্ধুর, অপর বন্ধু আহত

ছবি: নিহত মো. জসিম উদ্দিন।

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল মো. জসিম উদ্দিন নামের এক যুবক। এ ঘটনায় আব্দু শুক্কুর নামে অপর বন্ধুও আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।

নিহত মো. জসিম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত আমির হামজার ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জসিম ও তার অপর বন্ধু শুক্কুর মোটরসাইকেল যোগে রামু থেকে ঈদগাঁওয়ের দিকে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে কক্সবাজারমুখী বেপরোয়া গতিতে যাওয়া অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জসিম। আহত শুক্কুরকে পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে আহত শুক্কুরের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

নিহতের চাচাতো ভাই রেজাউল করিম জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রামুর দর্শনীয় স্থানগুলো উপভোগ করে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

হাইওয়ে পুলিশের তুলা বাগান থানার পুলিশ দল ঘটনাস্থলে পরিদর্শন পূর্বক ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

Exit mobile version