parbattanews

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু, আহত আরও ১

বিজয় মেলা দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ ছাত্র সাহ্লাপ্রু মারমা। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ব্যাঙ্গমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাহ্লাপ্রু মারমা (২০) মানিকছড়ি রাঙ্গাপানি এলাকার আপ্রুমং মারমার ছেলে এবং মানিকছড়ি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় তার সঙ্গী একই এলাকার চিনিঅং মারমা (১৯) আহত হয়েছেন।

 

আহত চিনিঅং মারমা জানান, খাগড়াছড়ির বিজয় মেলা দেখে নিজ চালিত মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ব্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ছড়ায় পড়ে যান। এ সময় চালক সাহ্লাপ্রুর মুখ থেঁতলে যায় এবং তিনি গুরুতর আহত হন। চিনিঅং মারমা ছিটকে পড়ে আঘাত পান।

 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহ্লাপ্রুকে মৃত ঘোষণা করেন।

 

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. হাসিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

নিহতের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version