ময়লাযুক্ত খাবার বিক্রির দায়ে বিশ্বস্ত খাবারের প্রতিষ্ঠান “বনফুল” ও “মালঞ্চ”কে জরিমানা
আলমগীর মানিক, রাঙামাটি:
সিয়াম সাধনার মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে শুরু হয় মুসলমানদের বাড়ি বাড়ি বেড়ানো ও বিশেষ বিশেষ খাওয়া দাওয়া। আর এসব খাবারের জন্য মানুষ ভিড় জমায় শহরের বড় বড় বিপনী বিতান গুলোতে। এই সুযোগে অসাধু ব্যবসায়িরা যাচ্ছেতাই খাবার পরিবেশন করছে ক্রেতা সাধারনের কাছে। তাই অভিজাত বড় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাম্রমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
এসময় দেখা গেছে শহরের নামকরা বিশ্বস্থ খাবারের নিশ্চয়তা প্রদানকারি প্রতিষ্ঠান “বনফুল” এ অভিযান চালানোর সময়, সেখানে আইক্রিমের ফ্রিজে তেলাপোকা, দুর্গন্ধযুক্ত মিষ্টি, মেয়াদোত্তীর্ণ জুস, ফাঙ্গাস পড়া চকোলেটসহ ময়লাযুক্ত ষ্টোর রুম। এসময় দায়িত্বর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদ নামকরা এই প্রতিষ্ঠানকে সতর্ক করে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে একই লাইনে অবস্থিত আরেকটি খাদ্য পণ্যের প্রতিষ্ঠান মালঞ্চে অভিযান পরিচালনা করে সেখানে ওজনে গড়মিলসহ দই’য়ে ভেতরে পোকার উপস্থিতি পেয়ে এই প্রতিষ্ঠানকেও বিশ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন।
এসময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাধারণ জনগণকে নিজেদের সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসনের কাছে আপনারা অভিযোগ জানান, তাহলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষায় প্রশাসন সব সময় সুদৃষ্টি রাখছে বলেও জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদ।


















