parbattanews

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হামলায় বাংলাদেশি নারী নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ৭টা ১৪ মিনিটের দিকে শহরের ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার সার্ভিস, লি কাউন্টি ইএমএস।

নিহত ইয়াসমিন দীর্ঘদিন মিয়ামিতে বসবাসের পর সম্প্রতি ফোর্ট মায়ার্সে আসেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশ জানায়, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে এমন এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে বাইরে পার্ক করা একটি গাড়িতে ভাঙচুর চালায়। বিষয়টি দেখতে বাইরে গেলে দোকানের কর্মচারী ইয়াসমিনের ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী তাকে লক্ষ্য করে পরপর একাধিকবার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে সকাল ৭টা ২৭ মিনিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলাকারীকে হলুদ রঙের শার্ট, কালো শর্টস, কমলা রঙের জুতা এবং সাদা ব্যাকপ্যাক পরিহিত অবস্থায় দেখা যায়। হামলার পর সে উত্তর দিকে পালিয়ে যায়।

Exit mobile version