যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের ৩৯টি গ্রামে হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।
সোমবার (২০ এপ্রিল) হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল এই তথ্য জানিয়েছেন।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির শীর্ষ সহযোগী আলি হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলোতে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে।
সূত্র : আল-জাজিরা।
