parbattanews

রাঙামাটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় রেখে অটোরিকশা ভাড়া নির্ধারণ

রাঙামাটিতে অটোরিকশার ভাড়া নির্ধারণ নিয়ে জেলা প্রশাসনের সাথে চালক এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বিআরটিএ রাঙামাটি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন-রাঙামাটি একটি পর্যটন বান্ধব শহর। এখানে নিত্য বাহন হলো অটোরিকশা। তাই স্থানীয় যাত্রী সাধারণ এবং পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেইজন্য বর্তমানে সরকার ঘোষিত তেলের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে জেলা প্রশাসন থেকে একটি নির্ধারিত ভাড়ার চার্ট করে দিয়েছে। সেই চার্ট অনুযায়ী যাত্রী সাধারণ চালকদের ভাড়া প্রদান করবেন।

জেলা শহরে গতকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধ থাকলেও জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর অটোরিকশা ফের চলাচল শুরু হয়।

Exit mobile version