parbattanews

রাঙামাটিতে ৬৪ হাজারেরও অধিক শিশু পাচ্ছে হামের টিকা

রাঙামাটিতে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল)  দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন বলেন, আমরা ১৯ সাল থেকে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছি। এরপরও টিকাদান নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমরা সর্বশেষ ২০২০ সালে এ রোগের টিকাদান পরিচালনা করেছি।  ৯ মাস থেকে ১৫ মাস বয়সী প্রত্যেক শিশুকে নিয়মিত টিকা নিতে হবে। এর মধ্যে শিশুর নিয়মিত শিডিউল টিকাদান খালি রেখে এ টিকা প্রদান করা  হবে।

ডেপুটি সিভিল সার্জন  বলেন, অসুস্থ শিশুকে টিকা দেওয়া যাবে না। তবে যারা আক্রান্ত হয়েছিলো  এবং যারা আক্রান্ত হয়নি তাদেরও এক ডোজ হামের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ২০ এপ্রিল থেকে  রাঙামাটিতে  ১ হাজার ২৭২ কেন্দ্র এবং ৩৫৪ টি স্কুলসহ সর্বমোট ১ হাজার ৮২৬ কেন্দ্রের মাধ্যমে ২১ দিন ব্যাপী জেলার ৯ মাস থেকে ৫ বছরের নিচে ৬৪ হাজার ৬৩১জন শিশুকে হাম রুবেলা টিকাদান প্রদান করা হবে। বর্তমানে বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩জন শিশুর নমুনা পরিক্ষা করানোর জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনো কোন রিপোর্ট আসেনি।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, রাঙামাটিতে এখনো কোন হাম রোগী পাওয়া যায়নি। দেশের অন্যান্য জেলার চেয়ে আমরা ভাল আছি। এরপরও আমরা এ রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: প্রতীক সেন, ডা: কে, এম, আবদুল্লাহ-আল-মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ  ইলিয়াসসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

হাম রুবেলা বিষয়ক কর্মসূচি তুলে ধরেন,  ডা: জয়সেন তঞ্চঙ্গ্যা এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।

Exit mobile version