পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রাঙামাটির বিএনপি নেতাদের সঙ্গে ঢাকায় সভা করবেন। সভায় রাঙামাটি জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাসহ ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির মোট ৪১ নেতা অংশ নেবেন।
সোমবার ( ৮ জুন ) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ সভা হবে।
সভায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি জেলার ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির প্রতিটি ইউনিটের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নিয়ে মোট ৪১ জন নেতাকে সভায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘জেলা ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে নেতারা কথা বলতে চান। বর্তমানে সংসদ অধিবেশন চলমান থাকায় আমার পক্ষে রাঙামাটি যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তারাই নিজ উদ্যোগে ঢাকায় আসছেন।’
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেছেন, ‘কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে জেলা বিএনপির ‘সুপার ফাইভ’ এবং উপজেলা ও পৌর বিএনপির ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সাংগঠনিক বিষয়ে মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতেই এ সভার আয়োজন করা হয়েছে।’
অন্যদিকে দীপেন দেওয়ানের অনুসারী জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম পনির বলেছেন, ‘এই সময়ে দলের এমপিসহ রাঙামাটির কেন্দ্রীয় দুই নেতাকে বাদ দিয়ে কথিত ‘সুপার ফাইভ’ ও ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সভা করলে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিভেদ বাড়তে পারে। এত নেতাকে ঢাকায় ডাকার পরিবর্তে তিনি নিজেই রাঙামাটি যেতে পারতেন।
