রাঙ্গামাটির দুর্গম এলাকার সাধারণ রোগীদের যাতে সঠিক ভাবে সেবা নিশ্চিত করা যায় তার জন্য নিষ্ঠার সাথে সেবা প্রদান করতে নব যোগদানকৃত ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, ডাক্তারি পেশা হচ্ছে একটি মানব সেবামূলক পেশা। এই সেবার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়া যায় এবং নিজের যোগ্যতা প্রমান করা যায়। তাই নতুন ডাক্তারদের সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার আহবান জানান।
গতকাল সোমবার (৭ মার্চ) সকালে জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) এর নব যোগদানকৃত চিকিৎসকবৃন্দের সংবর্ধনা ও স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের মুখ নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা, সদস্য অংসুছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া সহ অন্যান্য সদস্যরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নব যোগদানকৃত ডাক্তারদের বরণ করে নেয়া হয়। মতবিনিময় শেষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কোভিড-১৯ যোদ্ধা তিন জন ডাক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।
