parbattanews

রাঙ্গামাটির দুমদুমিয়াছড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতে পাচারকালে ২টি পাওয়ার টিলার জব্দ

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় পরিচালিত অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২টি মিনি পাওয়ার টিলার আটক করেছে বিজিবি।

বুধবার ( ১৭ জুন ) কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল কাউসারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বিজিবি সদস্যরা দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ ২টি মিনি পাওয়ার টিলার জব্দ করে।

জব্দকৃত পাওয়ার টিলারগুলোর আনুমানিক সিজারমূল্য চার লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান,বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version