parbattanews

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ হারে বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে রাজস্থলী উপজেলায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।

১৩ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বর্জন করে এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বাঙ্গালহালিয়া  উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক সাহা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত ২০% বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান।

এছাড়া গত রবিবার থেকে রাজধানীতে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতের শামিল।

কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার  সব স্তরের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

‎.

Exit mobile version