রাবিপ্রবি’র পাবলিক স্পিকিংয়ে সেরা তিন-এ মুনতাসীর, সানজিদা ও কাওসার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এর উদ্যোগে ‘The Voice Of RMSTU’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম, প্রথম রানারআপ হয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। তিনি বক্তব্যের শুরুতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক এবং প্রতিযোগীদেরকে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে নিজেদের পছন্দের ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল ক্যারিয়ার গড়ে তোলার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে পরিকল্পনা অনুযায়ী ক্যারিয়ার ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) করার জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে এমপ্লয়াবিলিটি স্কিলস (employability skills) অর্জন করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গড়ে তোলার জন্য যেকোনো কর্মশালা আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।

















