parbattanews

রামগড়ের ইউপি নির্বাচনে দুই ইউনিয়নে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

RAMGARH  12.3 copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় শনিবার উৎসবমুখর পরিবেশে তৃণমূল নেতাদের গোপন ব্যালটে দেয়া ভোটে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচনে রামগড় সদর ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচিত হন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম মজুমদার। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৪০। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়অমী লীগের সহসভাপতি আবুল হাশেম খাঁ পেয়েছেন ২৫ ভোট।

অপর প্রার্থী করিমুল হকের প্রাপ্ত ভোট ১১। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৩টি। এরমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬৫ জন সদস্য ও ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৮জন। রামগড় সদর ইউনিয়নে ৮৩ জন ভোটারের মধ্যে ৭৮জন ভোটার ভোট দিয়েছেন। একটি ভোট বাতিল করা হয়। রামগড় উপজেলা অডিটরিয়ামে দুপুর ১২টায় রামগড় ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়ে ১টায় শেষ হয়ে যায়।

দুপুরের মধ্যাহ্ন ভোজের বিরতির পর বেলা ৩টায় শুরু হয় উপজেলার অন্য ইউনিয়ন পাতাছড়ার ভোট গ্রহণ। এ ইউনিয়নে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিন্দ্র ত্রিপুরা ৯ ভোটে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর) কে পরাজিত করে দলীয় প্রার্থী নির্বাচিত হন। মনিন্দ্র ত্রিপুরার প্রাপ্ত ভোট ৪২ এবং কাজী নুরুল আলম পেয়েছেন ৩৩ ভোট। এ ইউনিয়নে ৮৩জন ভোটারের মধ্যে ৭৭জন ভোট দিয়েছেন। দুটি ভোট বাতিল হয়।

নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব পালনকারী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন, সকলর স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন দলীয় নেতাকর্মীদের মধ্যে পারষ্পারিক আন্তরিকতার প্রমাণ। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলে আন্তরিকতার সাথে কাজ করবেন।

ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী কাজী নুরুল আলম(আলমগীর), আবুল হাশেম খাঁ ও করিমুল হক মজুমদার সকলেই আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।
ভোটের আগে এ ভোট অনুষ্ঠান উপলক্ষে রামগড় অডিটরিয়ামসহ উপজেলা পরিষদ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। টহল ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Exit mobile version