parbattanews

রামগড়ের পাতাছড়ায় ইউপিডিএফ কমান্ডারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

খুন

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদ্ধধন কার্বারী পাড়ায় এক ইউপিডিএফ কমাণ্ডারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইউপিডিএফ কমাণ্ডারের নাম রঞ্জন চাকমা ওরফে বিশ্বাস(৫০)। সে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের হাজাছড়ি গ্রামের মৃত নন্দিয়া চাকমার ছেলে। আজ ২৮ জুন রবিবার সকালে এ হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্ত্রাসীদের দায়ী করেছে ইউপিডিএফ।

জানা যায়, ইউপিডিএফ সদস্য রঞ্জন চাকমা সাংগঠনিক কাজে পরশুরামঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বুদ্ধধন কার্বারী পাড়ায় একটি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বোরকা পার্টির সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে হত্যার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সিন্দুকছড়ি জোন কমাণ্ডার লে. কর্ণেল রাব্বি আহসান পার্বত্যনিউজকে এ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে নিহতের নাম নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন তিনি।

Exit mobile version