নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জোয়ারিয়ানালা স্টেশনে বিশাল মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী।
তিনি বলেন কৃষক নুরুল কবিরের উপর হামলাকারী সন্ত্রাসীর গড়ফাদার এরশাদুল্লাহ ও তার সহযোগী কক্সবাজার মহাজন পাড়ার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল হাকিম ওরফে নিকেল ও তার বাহিনীদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন কোন ঘটনার সুষ্ঠু বিচার না হলে এলাকায় দিন দিন অপরাধ কর্মকান্ড বেড়ে যাবে। এখনও হামলায় জড়িত এরশাদুল্লাহ ও নিকেলকে গ্রেফতার করেনি পুলিশ।
রামু জোয়ারিয়ানালা যুবলীগ নেতা জহির আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা উত্তম মহাজন, মখলজ্জামান মেম্বার, দীলিপ মহাজন, শাহারিয়া সোহেল, হামলার শিকার কৃষক নুরুল কবিরের ভাই গোলাম কবীর ও সাইফুল প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জোয়ারিয়ানালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য যে, গত সোমবার দিনদুপুরে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত হাজী মুছা আলীর ছেলে এরশাদুল হকের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী মো. হাকিম ওরফে লিংকন এবং এরশাদুল হকের ছেলে আশিক কাউছার, স্ত্রী রেনুয়ারা বেগম, মেয়ে ইসু বেগমসহ একদল সন্ত্রাসী নুরুল কবির (৩০) কে কুপিয়ে মারাত্মক জখম করেন। বর্তমানে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।