রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম লেদাপুতু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ আব্দুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে শফিউল আলম লেদাপুতু’র উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান।
খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মোঃ জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযোগ আছে যে, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন নামের এক ডাকাতের সহযোগী। শাহীন আটক হওয়ার পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম বেপরোয়া হয়ে উঠে, বর্তমানে আব্দুর রহিম বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতু এলাকার সাহসী এক যুবক ছিলেন, স্থানীয় সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে নির্মম ভাবে থ খুন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
