parbattanews

রামুতে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার রশিদনগরে ইউনিয়নের ইটভাটা সংলগ্ন রেললাইন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পায়। নিহত যুবকের দুটি পা বিচ্ছিন্ন ছিলো। এ কারণে ধারণা করা হচ্ছে, চলন্ত রেলে কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। এখনো কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রশিদনগরে রেললাইনে সকালে চেক লুঙ্গি ও সাদা রঙের শার্ট পরিহিত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রামু থানা পুলিশে খবর দেয়া হয়। সকাল ১১টায় রামু থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

Exit mobile version