রামু সংবাদদাতা :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছরা ঢালা নামক এলাকায় যাত্রীবাহি সিএনজিতে ডাকাতি হয়েছে। ডাকাতদলের হামলায় সিএনজি চালকসহ অন্তত ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগড়মুখি একটি সিএনজি পানেরছরা ঢালা এলাকায় পৌঁছলে একদল ডাকাত সিএনজির গতিরোধ করে চালক রমজান মিয়াকে ব্যাপক মারধরপূর্বক তার কাছে থাকা মোবাইল সেট, নগদ ৩ হাজার টাকা ও ২টি খালি চেক কেড়ে নেয়। সিএনজি চালক ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার বাসিন্দা। সে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
আহত চালক রমজান মিয়া জানায়, সংঘবদ্ধ ডাকাতরা তার গাড়ীর গতিরোধ করে তাকে ব্যাপক মারধর করতে থাকে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা ১টি মোবাইল সেট, নগদ ৩ হাজার টাকা ও ২টি খালি চেক কেড়ে নেয়। এ সময় গাড়ীতে থাকা আরো ২ জনকে মারধর করা হয়।
ঈদগড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফিরোজ মিয়া জানান, পাহাড়ী এলাকা হওয়ায় এখানে ডাকাতদলকে প্রতিরোধ করা খুব কষ্টসাধ্য। তাছাড়া টহলের নির্ধারিত সময়ের বাইরে হওয়ায় এটি নিয়ন্ত্রণ পুলিশের পক্ষে অসাধ্য হয়ে পড়ে।