বান্দরবানের রোয়াংছড়িতে পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয়পাড়া এলাকায় রোয়াংছড়ি থানার সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার ৬নং ছামছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামুকঝিরি পুনর্বাসনপাড়ার বাসিন্দা নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে রিমিতা তঞ্চঙ্গ্যা।
নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়েকে নিয়ে নিজের মোটরবাইক চালিয়ে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় রোয়াংছড়ি থানার সামনে পৌঁছালে বান্দরবান থেকে রুমা উদ্দেশ্যে যাওয়ার পাথরবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। বড় ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা লাগে। এতে নিরজয় তঞ্চঙ্গ্যা বাইক থেকে ছিটকে পড়েন এবং তার শিশুকন্যা চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় চাপা পড়ে শিশুটি মারা যায়। ঘটনাটি থানার সামনে হওয়ায় ঘাতক চালককে তাৎক্ষণিক আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, ঘাতক চালক চকরিয়া উপজেলার ডুলাহাজারা দক্ষিণ রনমহল গ্রামের বাসিন্দা নবী হোসেনের ছেলে ফোরকান (৪৫)। তিনি পাথরবোঝাই ড্রাম ট্রাক নিয়ে রুমার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় রোয়াংছড়ি থানার সামনে পৌঁছালে মোটরবাইকের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে চালক ফোরকান (৪৫)কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
