parbattanews

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

রবিবার (১ আগস্ট) গভীর রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর সি ব্লকের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে আব্দুল গনি (২০), টেকনাফ উপজেলার হীুলা এলাকার আমির হোসাইনের ছেলে জাকির হোসাইন (২৩), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ইব্রাহীম (২২)ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯এর বাসিন্দা মৃত সৈয়দ আহমদের স্ত্রী নুর বাহার (২২)। আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নারী, বাকী ৩ জন স্থানীয় নাগরিক।

তিনি আরো বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে এপিবিএন-৮। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version