রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করা বিএনপির অগ্রাধিকার


বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ এ বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করবে বিএনপি।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির লিখিত নির্বাচনী ইশতেহার ২০২৬ এ বলা হয়, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করা বিএনপির অগ্রাধিকার। দীর্ঘ আট বছর ধরে জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ায় রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু হয়নি। বিএনপি দুইবার (১৯৭৮ এবং ১৯৯২) রোহিঙ্গা সংকট সমাধানে সফল হয়েছে। এই ধারাবাহিকতায়, বিএনপি রোহিঙ্গাদের নাগরিকত্বের পূর্ণ অধিকারসহ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিবেশী দেশসমূহ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে।
এই ছাড়াও প্রতিবেশি রাষ্ট্রগুলোতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারে বলা হয়, বিএনপি প্রতিবেশীদের সাথে সমতা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে পারস্পারিক শ্রদ্ধা ও ন্যায্যতা সেই সম্পর্কের ভিত্তি হবে। উদ্যোগ এবং প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

















