রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম।
বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র ও ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।
প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের বক্তব্যকে স্বাগত এবং বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি দেশগুলোর জনগণের মধ্যেও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনেই, মিসর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরাও অংশ নেন।
