রাঙামাটির লংগদু উপজেলায় গোগাগুলির ঘটনার পর এবার জেলার নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সাথে ইউপিডিএফ প্রসীত গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফ’র এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার পেরাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে পেরাছড়া এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইউপিডিএফ প্রসীত গ্রুপের গোপন আস্তানার সন্ধান পেয়ে যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এতে গুলি বিনিময়ের ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়।
এর আগে আজ সকালে জেলার লংগদু উপজেলার কাট্টলীবিল বন্ধুকভাঙ্গা এলাকায় নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আমরা ঘটনাটির ব্যাপারে শুনেছি। তবে কোন পক্ষ আমাদের সাথে যোগাযোগ করিনি।
