parbattanews

লক্ষ্মীছড়িতে দুই বাঙালিকে ইউপিডিএফ চাঁদা কালেক্টরের মারধর

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সাঁওতালপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের কালেক্টর হৃদয় সাঁওতালের নেতৃত্বে আজ ১৭ জুলাই ১০ থেকে ১২ জন সন্ত্রাসী চট্টগ্রামের ফটিকছড়ি থেকে লক্ষীছড়িগামী মোটরসাইকেলের গতিরোধ করে ২ বাঙালিকে (মো. সাহেব আলী ও মো. আনোয়ার হোসেনকে ধারালো দা, ছুরি ও কাঠ দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। 

উভয়ের ঠিকানা খাগড়াছড়ির লক্ষীছড়ি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা যায়।

সূত্র মতে, আহত মো. সাহেব আলী পেশায় একজন কাঠ ব্যবসায়ী। গত ২/৩ মাস আগে ইউপিডিএফ (প্রসীত) দলের লক্ষীছড়ি উপজেলার কালেক্টর সুজন বড়ুয়া মোঃ সাহেব আলীর নিকট চাঁদা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

পরবর্তীতে গত ৩০ জুন ২০২৫ তারিখ র‍্যাব-০৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বায়জিদ বোস্তামী এলাকা থেকে সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করে। সুজন বড়ুয়া বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছে। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে হৃদয় সাঁওতাল তাদের উপর হামলা করে বলে জানা যায়।

 

Exit mobile version