parbattanews

লামায় বয়স্ক ভাতায় আইডি কার্ড জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামায় ভোটার আইডি কার্ড জালিয়াতি করে বয়স্ক ভাতায় অন্তর্ভূক্তির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বয়স্ক ভাতা তালিকার জালিয়াতি ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, লামার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন তার শ্বশুর নুরুল কবির ৫৬ বছর বয়সের স্থলে ৬৫ বছর দেখিয়ে বয়স্ক ভাতায় তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। আইডি কার্ডে নুরুল কবিরের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৬০ইং ও বয়স ৫৬ বছর। এছাড়া নুরুল কবিরের বাড়ি ৫নং ওয়ার্ডে হলেও তাকে বয়স্ক ভাতা দেয়া হচ্ছে ৮নং ওয়ার্ড থেকে। স্থানীয় হাসমত আলম ও মো. মিনহাজ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

মেম্বার জামালের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত সুবিধা পাওয়ার উপযোগীরা বঞ্চিত হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ভাতার তালিকা তৈরি ও এলজিএসপি উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত মো. জামাল উদ্দিন বলেন, ভাতা ভোগীরা যে কাগজ জমা দিয়েছে সেই কাগজের ভিত্তিতে আমি তালিকা তৈরি করেছি। নুরুল কবির ভোটার পরিবর্তন করে ৮নং ওয়ার্ডে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, অভিযোগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে বলা হয়েছে।

Exit mobile version