parbattanews

লামা-আলীকদমে সেনাবাহিনীর অভিযানে গুলিসহ ২টি অস্ত্র উদ্ধার

আলীকদম

আলীকদম প্রতিনিধি :

সেনাবাহিনী গত তিন দিনব্যাপী অভিযান চালিয়ে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে চার রাউন্ড গুলিসহ ২টি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেছে। রোববার আলীকদম জোনের অধিনায়ক মেজর এসএম মেহেদী হাসান আল আমিন এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

পরে সকাল এগারটার দিকে আলীকদম সেনা জোন থেকে আনুষ্ঠানিকভাবে লামা থানার এসআই সুফিয়ানের কাছে উদ্ধার হওয়া বন্দুক ও গুলি হস্তান্তর করা হয়।

সেনা সূত্রে জানা যায়, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে এমএনপি ও স্বশস্ত্র সন্ত্রাসীরা এলাকার তামাক চাষী ও পাহাড়ি এলাকার জনসাধারণের কাছে চাঁদা দাবী করে আসছে। এ সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের সেনা সদস্যরা দুর্গম পাহাড়ি এলাকায় গত শুক্রবার থেকে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে লামা উপজেলার চিউনি মুরুং পাড়া সংলগ্ন তামাক পোড়ানোর একটি চুল্লি থেকে দুটি বন্দুক ও চার রাউন্ড বুলেট উদ্ধার করে। আলীকদম সেনানিবাসের লেফটেন্যান্ট মেহেদি হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিং এ জোন কমান্ডার মেজর আল আমিন সাংবাদিকদের জানান, পার্বত্য এলাকার পাহাড়ি-বাঙ্গালীর সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক কঠোর হস্তে দমন করা হবে এবং এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আলীকদম উপজেলার ডলু ঝিরি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক খামার বাড়িতে আক্রমণ, মালামাল লুট করা হলেও ধর্ষণের কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি।

Exit mobile version