লামা (বান্দরবান) প্রতিনিধি:
রাত পোহালেই লামা পৌরসভার তৃতীয় সাধারণ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্ণিং অফিসারের কার্যালয় ও প্রশাসন।
ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি।
এদিকে, বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র পদে প্রধান দু’দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মাঝে হাড্ডা-হাড্ডি লড়াই অনুষ্ঠিত হবে বলে সাধারণ ভোটাররা মত প্রকাশ করেছেন।
লামা পৌর নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, লামা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৪শ ৪৯। তম্মধ্যে পুরুষ ৬ হাজার ৩০ এবং মহিলা ভোটার ৫ হাজার ৪শ’ ১৯ জন। ৯ টি ভোট কেন্দ্রের ৩৯ টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লামা পৌরসভা নির্বাচনের রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লামা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে জন্য ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের আইন শৃংখলা রক্ষার জন্য প্রতিটি কেন্দ্রে ১ জন এস.আই , ১ জন এ.এস.আই, ৬ জন পুরুষ এবং ২ জন মহিলা কনস্টেবল দায়িত্ব পালন করবেন। থাকবে পর্যাপ্ত সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি টহল ও প্রতি ৩ কেন্দ্র মিলে একটি মোবাইল টিম আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকবে।
অন্যদিকে, আসন্ন এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মো: জহিরুল ইসলাম, নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী মো: আমির হোসেন, ধানের শীষ প্রতীক এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো: ফরিদ উদ্দিন বাই সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তবে মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও সাধারণ ভোটাররা জানিয়েছেন, প্রধান দু’দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মাঝে হাড্ডা-হাড্ডি লড়াই অনুষ্ঠিত হবে।