ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইতিহাস সৃষ্টির জন্য জন্ম নেওয়া এক মহান নেতা। বাংলাদেশের প্রতি তাঁর মমত্ববোধ, সততা এবং দেশপ্রেম চিরকাল প্রতিটি নাগরিকের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং যুদ্ধবিধ্বস্ত এক জাতিকে পুর্নগঠন করে আধুনিক বাংলাদেশের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর জীবন ও আদর্শ ছিল সম্পূর্ণভাবে দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গীকৃত।
শুক্রবার ( ১৫ মে ) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি আমাদের শিখিয়েছেন-‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে তাঁর যে আত্মিক টান ছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, দেশকে স্বনির্ভর করা এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর কালজয়ী দর্শন উপহার দিয়ে আমাদের আত্মপরিচয় সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর আদর্শকে বাস্তবায়ন করতে এবং অসমাপ্ত স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভূতপূর্ব ও দুর্বার গতিতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
